
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যদের থানা ছাড়তে দেখা গেছে। এ সময় তাদের সঙ্গে পুলিশের পোশাক, অস্ত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল ছিল। দুপুর ১২টার দিকে পুলিশ সদস্যরা থানা থেকে আগুনে পুড়ে যাওয়া ও ধ্বংসস্তূপের মধ্যে যেসব মালামাল অক্ষত ছিল, সেগুলো উদ্ধার করতে শুরু করেন। একপর্যায়ে পুলিশের পোশাক, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও প্রয়োজনীয় মালামাল উদ্ধার করে সঙ্গে নিয়ে থানা ত্যাগ করেন তারা। পরে নিরাপত্তার স্বার্থে সেসব মালামাল নিয়ে নিরাপদ স্থানে চলে যান পুলিশ সদস্যরা। এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের একাধিক গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। ভেঙে ফেলা হয় হাজতখানার দরজা এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। হামলার মুখে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে সরে যেতে বাধ্য হন। এদিকে, বুধবার সকালেও থানার ভেতরে পোড়া গাড়ি, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করায় যান চলাচলও ব্যাহত হচ্ছে।