
নওগাঁর মহাদেবপুরে এরশাদ হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার চান্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বাগডোব-খাজুর সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত এরশাদ হোসেন মহাদেবপুর উপজেলাধীন সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লক্ষ্মীপুর গ্রামের ওই সড়কের পাশের ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি মহাদেবপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
স্থানীয়দের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সেসব ক্ষতস্থান থেকে রক্ত ঝরছিল। এতে ধারণা করা হচ্ছে, তাঁকে গুরুতর নির্যাতনের পর হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে জিগাতলা বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এরশাদ। এরপর রাতেও তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ধানক্ষেতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে গিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেন।
মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে তাঁকে হত্যা করেছে। পরে মরদেহটি সড়কের পাশের ধানক্ষেতে ফেলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।