![]()
উৎসর্গ: প্রয়াত আব্দুল জব্বার বাবলুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
বেশি দিন আগের কথা নয়,
এই তো সেদিন—
ব্রিজ পার হয়ে হেঁটে যাচ্ছিলে তুমি,
দৃঢ় মনোবল, সাহস আর হিম্মতকে পুঁজি করে।
প্রজ্ঞা, মেধা ও মননে
ছিলে তুমি দারুণ শাণিত।
সম্মুখে কেউ এসে দাঁড়ালে
দ্বিধাহীনভাবে বলে দিতে,
কী বলতে চায় সে।
সম্মোহনী শক্তি ছিল তোমার ভীষণ প্রবল,
অনায়াসেই মানুষকে কাছে টানতে,
পর করে আপন করতে,
আপনজনকে করতে আরও আপন।
তোমার জ্বালাময়ী ভাষণ ও দিকনির্দেশনায়
আমরা খুঁজে পেতাম পথ চলার ঠিকানা।
মানুষের চেতনায় আগুন জ্বালাতে
একটুও সময় লাগত না তোমার।
সাধারণ মানুষের দাবি আদায়ের মিছিলে
সম্মুখ সমরে তুমি ছিলে
তেজোদীপ্ত এক সাহসী সৈনিক।
তোমার আদর্শ ও প্রেরণায়
উজ্জীবিত হতাম আমরা।
নীতির প্রশ্নে তুমি ছিলে
আপসহীন, অনড় ও অবিচল।
তোমার আহ্বানে সাড়া দিয়ে
মিছিলে নেমে আসত হাজারো জনতা।
অবশেষে রাজপথ কিংবা মিছিলই
হয়ে উঠল তোমার জীবনের শেষ ঠিকানা।
সেই থেকে তোমাকে হারানোর যন্ত্রণা
আজও ভীষণ কষ্ট দেয় আমাদের।
তোমার স্মৃতি রয়ে গেছে হৃদয়ের গভীরে,
তোমার সাহস, আদর্শ ও সংগ্রামের কথা
ভুলে যাওয়ার নয় কোনো দিন।
তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
লেখক: জননী আলয়
ঠিকানা: কলেজপাড়া, আলমডাঙ্গা।