
তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পাঁচটি জরুরি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের জন্য প্রতিশ্রুত ৩০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় এবং দুর্নীতিমুক্তভাবে ব্যবহারের নিশ্চয়তা দাবি করেছে দলটি।শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে জলবায়ু তহবিলে আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে অর্থ এলেও তা ব্যবহারে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই ভবিষ্যতে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত ট্র্যাকিং প্রতিবেদন প্রকাশ করতে হবে। তহবিলের প্রতিটি অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জনসমক্ষে তুলে ধরার দাবি জানান তিনি।মাহবুবুল আলম সালেহী জামায়াতের পরিবেশ সুরক্ষাবিষয়ক ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরে বলেন, এর আওতায় রয়েছে জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সাইড ইভেন্টেও এ পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশসহ বিশ্বকে সুরক্ষিত রাখতে বিশ্বনেতাদের সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও এর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে দেশের মানুষের ওপর। অথচ বিগত জলবায়ু সম্মেলনগুলোতে প্রতিশ্রুত অর্থের ৯ শতাংশেরও কম বাংলাদেশ পেয়েছে। প্রাপ্ত অর্থের বড় অংশই আবার ঋণ হিসেবে এসেছে। তাই ভবিষ্যতে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু তহবিল সংগ্রহে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক বিষয় নয়। এটি বৈশ্বিক সমস্যা। তাই জাতীয় স্বার্থে সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে বাংলাদেশ তার ন্যায্য জলবায়ু তহবিল আদায় করতে পারে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুল আলম সালেহী অভিযোগ করেন, বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন আয়োজনের জন্য শনিবার দুপুর দেড়টা সময় নির্ধারিত ছিল। পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ এতে অসহযোগিতা করে।তিনি জানান, সংবাদ সম্মেলনের বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি কথা বলে আগেই অনুমতি নিশ্চিত করা হয়েছিল। এ ধরনের অসহযোগিতাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, জামায়াত মূলত সরকারকে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতে সম্মেলনে অংশ নিয়েছে। কিন্তু সরকারের প্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে কপ৩১-এ জামায়াতের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।