
পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার এবং পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করার লক্ষ্যে আজ ১৪ নভেম্বর ২০২৬ খ্রিঃ দুপুর ০২:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জ, খুলনা। সভায় সভাপতিত্ব করেন জনাব মেহেদী শাহরিয়ার, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে উদ্ভূত বিভিন্ন সমস্যা, কল্যাণমূলক বিষয়াদি, আবাসন, চিকিৎসা, কর্মপরিবেশ এবং সার্বিক সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথি ডিআইজি জনাব মোঃ রেজাউল করিম পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিকতা ও সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে তিনি সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যের কল্যাণ, পেশাগত নিরাপত্তা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে জেলা পুলিশ সর্বদা আন্তরিক। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি দক্ষ, জনবান্ধব ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বিশেষ কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জেলার সকল থানার অফিসার ইনচার্জ; কোর্ট পুলিশ পরিদর্শক; আরআই; টিআই (প্রশাসন); সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।