
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ফেনসিডিলের বিকল্প ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘Win Cerex Cough’ সিরাপসহ মো. মিঠুন (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ তারিখ ভোররাতে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীন চাঁনশিকারী বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের হোসেনভিটা গ্রামের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় সিরাপগুলো উদ্ধার করা হয়।
আটক মো. মিঠুন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার চামুচা গ্রামের মো. মনজুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।