
চুয়াডাঙ্গায় জুলাই যোদ্ধা ও সংরক্ষিত নারী সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি। এ সময় হামলায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জাতীয় নাগরিক পার্টি চুয়াডাঙ্গা জেলা সদস্য সচিব মো. আলমগীর হোসেন, বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পথ তৈরি হয়েছে। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ জুলাই যোদ্ধা ও সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হামলা শুধু একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর আঘাত।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সময় দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।তাঁরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। শুধু নুসরাত তাবাসসুম নয়, দেশের সব জেলার জুলাই যোদ্ধা, তাঁদের পরিবার এবং গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো অপশক্তি যাতে দেশে আবারও নাশকতা, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।বক্তারা আরও বলেন, হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই পরিবর্তনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে আইনের শাসন, শান্তি, নিরাপত্তা ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তাঁরা।এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি চুয়াডাঙ্গা জেলার সিনিয়র সদস্য সচিব মো. আলী রুসদী মজনু, যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা পৌর শাখার সদস্য সচিব মো. মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. হানিফ আলী, যুগ্ম প্রচার সম্পাদক মো. সোহেল মিয়া, সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন এবং জীবননগর উপজেলা শাখার আহ্বায়ক মো. ফরহাদ হোসেনসহ জেলা ও জাতীয় নাগরিক পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।