
দেশের সামগ্রিক পরিবর্তন, গণতন্ত্রের অগ্রযাত্রা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেছেন, একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে। শুধু পরিবর্তনের প্রত্যাশা নয়, পরিবর্তন বাস্তবায়নেও তরুণদের সম্পৃক্ত হতে হবে।বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার ২০২৬: হ্যাঁ, জয়যুক্ত হয়েছে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডেপুটি স্পিকার বলেন, দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে সুশিক্ষিত, সৎ, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে। রাজনীতি যেন আদর্শ ও জনসেবার জায়গায় ফিরে আসে, সে জন্য নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে।তিনি বলেন, গত দেড় শতকে দেশের রাজনীতি নানা কারণে কলুষিত হয়েছে। রাজনীতির চালিকাশক্তি চাঁদাবাজ, মাদকাসক্ত, বখাটে ও কর্মবিমুখ মানুষের হাতে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে যোগ্য ও নীতিবান তরুণদের রাজনীতিতে সক্রিয় হওয়া প্রয়োজন।জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে কায়সার কামাল বলেন, ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মায়ের বুক খালি হয়েছে। স্বজন হারানো পরিবারের আহাজারি এখনো থামেনি, বিচারপ্রক্রিয়াও সম্পন্ন হয়নি। এমন পরিস্থিতিতে তরুণদের ঘরে বসে থাকার সুযোগ নেই। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণরা কোনো রাজনৈতিক দলের পরিচয় বা আহ্বানের অপেক্ষা না করেই গণতন্ত্র, আইনের শাসন ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমেছিলেন। দেশ ও গণতন্ত্র রক্ষায় সেই ঐক্য ধরে রাখতে হবে।তিনি আরও বলেন, তরুণদের মধ্যে মতপার্থক্য ও গঠনমূলক সমালোচনা থাকতে পারে। তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থবহ পরিবর্তন ও ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে না পারলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে।ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, প্রতিটি ঐতিহাসিক আন্দোলনে তরুণরা নেতৃত্ব দিয়েছে। তরুণদের নেতৃত্বেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। এখন একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তাদের অংশীদার হতে হবে।প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ কথাকে শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে। সরকারি দল কিংবা বিরোধী দল—সবাইকে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। কোনোভাবেই এ দেশের মাটিতে ফ্যাসিবাদের উপাদান ফিরে আসতে দেওয়া যাবে না।তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ প্রতিনিধিরা ইতিবাচক বার্তা নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন এবং দেশ গঠনে ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন। শুধু অনুষ্ঠান আয়োজন করলেই হবে না, এর ইতিবাচক প্রভাব সারা দেশে ছড়িয়ে দিতে হবে। তরুণদের মধ্য থেকেই আগামী দিনে জাতীয় সংসদের নেতৃত্ব উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে আইআইডিআরের নির্বাহী পরিচালক সাইয়িদ আহমেদের সভাপতিত্বে সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, মারদিয়া মমতাজ, আনিছুর রহমান ও মাহমুদা হাবীবাসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।