
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরে মোটরসাইকেল শোডাউন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
শোডাউনটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মাছপট্টি, স্টেশন, রেলবাজার, একাডেমি মোড়, নিউমার্কেট, হাসান চত্বর, দৌলতদিয়াড়, বঙ্গজ, চৌরাস্তা মোড়, ভি. জে. স্কুল রোড, কোর্ট মোড়, নতুন বাজার ও পুলিশ লাইন প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহাজান খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, সাবেক যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রকিবুল হাসান, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহাজান আলী সান ও রাশিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রিফাত উল হক, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুন আহমেদ শান্ত, আইনবিষয়ক সম্পাদক জীবন, সদস্য রাহাত উল হক, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সজল এবং ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক ইকতিয়ার হক স্বপ্নীলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে ছাত্রদলের নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড এবং যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন। দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় তাঁরা সজাগ রয়েছেন বলেও জানান।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও অনেকে নিজ নিজ ব্যবসা-বাণিজ্য ও পেশাগত কাজ চালিয়ে যাচ্ছেন, এতে তাঁদের কোনো আপত্তি নেই। তবে এ সুযোগ কাজে লাগিয়ে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।