
ঢাকা, ১১ নভেম্বর ২০২৬: রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি (Kelley E. Currie)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গার সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে প্রায় ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। তাই আন্তর্জাতিক সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা।তিনি আরও বলেন, আগামী ১৯ নভেম্বর ২০২৬ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরে বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলো রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি এবং মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে (Thomas Hunecke), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।