
জাতীয় সংসদে বৈঠক, মাতারবাড়ী প্রকল্প ও গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা
জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাতারবাড়ী প্রকল্প, গঙ্গা চুক্তি নবায়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতারবাড়ী চুক্তি নিয়ে আলোচনা হয়। মাতারবাড়ী প্রকল্পের সার্বিক বিষয় জনগণের সামনে প্রকাশের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।এ ছাড়া দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের ভূমিকা ও গাফিলতির অভিযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা।বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, মাতারবাড়ী প্রকল্পে কী হচ্ছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, দেশের বিভিন্ন স্থানে পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের অপচেষ্টা চলছে।তিনি আরও বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে এবং রাজপথে সর্বদা তৎপর থাকবে।বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এবং বিভিন্ন স্থানে গুপ্ত হামলার ঘটনা ঘটছে বলেও তিনি উল্লেখ করেন।তিনি ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জুলাই গণহত্যার বিচারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলের অবস্থান ও করণীয় নিয়ে আলোচনা হয়।