
টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক তপন সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী তাঁকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার ৬৪ নম্বর নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত বিষয়ে পাঠদান করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক তপন সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নের অভিযোগ ছিল। সম্প্রতি ভুক্তভোগী শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার সকালে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একপর্যায়ে বিদ্যালয় প্রাঙ্গণে শত শত মানুষের সমাগম ঘটে এবং তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
স্থানীয়দের দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত শিক্ষক হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অসুস্থতার ভান করেন। তবে উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী তাঁকে অবরুদ্ধ করে রাখেন। পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ও উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাঁদের উপস্থিতিতে ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আগে শিক্ষা অফিসকে অবহিত করেননি বলেও অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরমিষ্ঠা রানী মজুমদার বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। অভিযুক্ত শিক্ষক লিখিত ও মৌখিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে তিনি জানান। শিক্ষা বিভাগের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) দাদন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবক ও সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ছাড়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
শিশুদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে কার্যকর নজরদারি, অভিযোগ গ্রহণের ব্যবস্থা এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন ব্যক্তিরা।
মো. রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার: