
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ নিমতলা মোড় এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় সেখান থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।