
ঢাকা, ১০ নভেম্বর ২০২৬: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, রাজস্ব ক্ষতি ও দীর্ঘদিনের অডিট আপত্তি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার বিষয়টি বৈঠকে উঠে এসেছে। এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, অডিট আপত্তি, রিজার্ভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে জানানো হয়, বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার সুযোগ না থাকা সত্ত্বেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেওয়া হয়। পরবর্তী সময়ে এসব উড়োজাহাজ পরিচালনায় সরকারি অর্থের অপচয়ের বিষয়টিও আলোচনায় আসে। এ ক্রয় ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।এ ছাড়া ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির বিষয়টি অডিটে উঠে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি বলে অডিটে উল্লেখ করা হয়েছে। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি শনাক্তে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের উদ্যোগে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত নিরীক্ষকদের সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার কারণে আর্থিক ক্ষতির বিষয়টিও পর্যালোচনা করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্তের নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবরের সঙ্গে চুক্তি অনুযায়ী সম্পূর্ণ কার্যাদেশ সরবরাহ না করলেও পুরো অর্থ পরিশোধের অভিযোগ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।লিজ নেওয়া দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে না পারার বিষয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সব নথিপত্র আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে বিমান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে তা উপস্থাপনের অঙ্গীকার করে।এদিকে, কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগসংক্রান্ত অডিট আপত্তিও পর্যালোচনা করা হয়। এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়মে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।বৈঠকে আরও জানানো হয়, বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত। অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের দাবি করলেও এর স্বপক্ষে বৈধ ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেনি। ফলে অডিট বিভাগ ওই দাবি গ্রহণ করেনি। অনাদায়ী অর্থ উদ্ধার, অডিট আপত্তি নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়ন করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিমানকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।সভায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।