
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেলের তেলের ট্যাংকির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ হাজার ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ রায়হান (২৩) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। জব্দ করা হয়েছে ইয়ামাহা আর১৫এম মডেলের একটি মোটরসাইকেল।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়িসংলগ্ন অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়। এতে হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও উনচিপ্রাং এপিবিএনের সদস্যরা অংশ নেন।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করলে মোটরসাইকেলটির গতিরোধ করা হয়। পরে সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির ডান পাশের নিচে কালো টেপে মোড়ানো ও পুরোনো লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় ইয়াবার সন্ধান পাওয়া যায়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি তল্লাশি করে ৪৯টি নীল রঙের জিপার পলিব্যাগ থেকে ৯ হাজার ৬৫৫ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের ওজন পলিব্যাগসহ ৯৭০ গ্রাম।
আটক রায়হান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার সাতঘরিয়া পাড়ার মোঃ সেলিমের ছেলে।
পরে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ তাঁকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে