
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি বাড়ি থেকে পানির মোটর ও গৃহস্থালি সামগ্রী চুরি করে পালানোর সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের ব্যবহৃত ইজিবাইক ও চুরি করা মালামাল উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।আটক দুজন হলেন—চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার সহিদুলের ছেলে সাকিব এবং একই এলাকার ফারুক হোসেনের ছেলে সজিব।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই দুই যুবক একটি ইজিবাইক নিয়ে কয়রাডাঙ্গা গ্রামের মজনু কাজীর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। পরে বাড়ি থেকে একটি পানির মোটর, হাঁড়ি ও গামলাসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী চুরি করে ইজিবাইকে তুলে পালানোর চেষ্টা করেন। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে চুরি করা মালামাল ও ইজিবাইকসহ আটক করেন।পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।