
কুষ্টিয়ার খোকসায় জনতা ব্যাংকের একটি হিসাব থেকে চেকে জাল স্বাক্ষর ব্যবহার করে ২ লাখ ৭০ হাজার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং উত্তোলিত অর্থ ফেরত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ব্যাংক ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী গ্রাহক কাঞ্চন সরকার।
ভুক্তভোগী কাঞ্চন সরকার (৩৮) উপজেলার জানিপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের কানু সরকারের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি, খোকসা শাখার একজন হিসাবধারী গ্রাহক।
লিখিত অভিযোগে কাঞ্চন সরকার উল্লেখ করেন, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ব্যাংক চলাকালীন সময়ে তাঁর ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে ২ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করা হয়। তবে ওই চেকে তাঁর প্রকৃত স্বাক্ষরের পরিবর্তে জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি নিজে ওই টাকা উত্তোলন করেননি এবং অন্য কাউকেও টাকা উত্তোলনের অনুমতি দেননি।
অভিযোগে আরও বলা হয়, ব্যাংকের কোনো অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে অন্য কোনো ব্যক্তি জাল স্বাক্ষরযুক্ত চেক ব্যবহার করে টাকা উত্তোলন করে থাকতে পারেন বলে তাঁর আশঙ্কা। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়, সম্ভাব্য যোগসাজশ এবং অর্থ উত্তোলনের প্রকৃত ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
কাঞ্চন সরকারের দাবি, এ ধরনের ঘটনায় একজন গ্রাহকের আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষুণ্ন হতে পারে। তাই তাঁর হিসাবের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং অননুমোদিতভাবে উত্তোলিত অর্থ ফেরত পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জনতা ব্যাংকের খোকসা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তদন্তও হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।”