
কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
নিহত মনছুর আলী পৌর শহরের বাস টার্মিনালসংলগ্ন ছয় আনিপাড়া এলাকার বাসিন্দা। আহত তাঁর স্ত্রী মল্লিকা বেগম (৫৫) বর্তমানে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর টাউন হলের ফটকের সামনে মনছুর আলীর সঙ্গে এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক ধারালো ছুরি দিয়ে মনছুর আলীকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্ত্রী মল্লিকা বেগমকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনছুর আলীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম শাহনেওয়াজ সানি। তিনি পৌর শহরের সরদারপাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।