
নওগাঁর মান্দা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কালু মিয়া বেপারী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৫ নভেম্বর) ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার কালু মিয়া বেপারী ঝিনাইদহের মহেশপুর থানার মান্দারতলা গ্রামের আহমদ আলীর ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী মালয়েশিয়ায় প্রবাসী। সেখানে একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে তার স্বামীর সঙ্গে অভিযুক্ত কালু মিয়ার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে প্রায় এক বছর আগে কালু মিয়া পরিবারের সদস্যদের নিয়ে ওই নারীর বাড়িতে বেড়াতে আসেন। পরবর্তী সময়ে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওই নারীকে ভিডিও কলে আসার জন্য চাপ দিতে থাকেন কালু মিয়া। এতে রাজি না হওয়ায় মালয়েশিয়ায় থাকা তার স্বামীকে হত্যার পর লাশ গুম করার হুমকি দেন তিনি। পরে ভিডিও কলে কথা বলার সময় কৌশলে ওই নারীর আপত্তিকর ভিডিও ধারণ করেন।
এরপর ধারণ করা ভিডিও ও ছবি প্রকাশের ভয় দেখিয়ে ওই নারীর কাছে টাকা দাবি করেন অভিযুক্ত। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর আত্মীয়-স্বজনের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী নারী মান্দা থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(২) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর মান্দা থানা পুলিশের একটি দল ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।