
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ বুচিতলা-আমারডাঙ্গা ভায়া ঠাকুরপুর সড়কের দুই পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।চুয়াডাঙ্গা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহীদুজ্জামান এবং দামুড়হুদা উপজেলা প্রকৌশলী মো. খালিদ হোসেনের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রামীণ সড়কের টেকসই উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সড়কটির উভয় পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হচ্ছে।দেশব্যাপী জলবায়ু সহনশীল সবুজ বলয় গড়ে তোলার জাতীয় লক্ষ্যমাত্রার অংশ হিসেবে সড়কটিকে পরিবেশবান্ধব করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এলজিইডির কর্মকর্তারা জানান, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়মিত তদারকির মাধ্যমে চারাগুলোকে বেড়ে ওঠার উপযোগী পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।এ সময় সড়কসংলগ্ন এলাকার বাসিন্দাসহ সর্বস্তরের জনগণকে রোপণ করা চারাগুলোর সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। তাঁদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের সহযোগিতা থাকলে এ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।