
চুয়াডাঙ্গায় রাস্তার পাশে যত্রতত্রভাবে বালি রেখে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে মেসার্স লিমন বালি ঘরকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পান্না সিনেমা হলের গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় রাস্তার পাশে খোলাভাবে বালি রাখার দায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর সংশোধিত বিধির ১১(খ) অনুযায়ী মেসার্স লিমন বালি ঘরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, রাস্তার পাশে খোলাভাবে বালি রাখার ফলে বাতাসে ধুলাবালি ছড়িয়ে বায়ুদূষণ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পথচারীদের চলাচল ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পরিবেশদূষণ রোধ, বায়ুর মান উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।