
চুয়াডাঙ্গার দর্শনা পারকৃষ্ণপুরে এক মাস বয়সী শিশুকে ভুল চিকিৎসা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে একটি ফার্মেসির মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। পরে ফার্মেসির মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পারকৃষ্ণপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনের পর এক মাস বয়সী শিশু রাব্বি হাসান গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় আলিফ ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে। একই সঙ্গে ফার্মেসির মালিক আবুল কালাম আজাদকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সন্তান প্রসবের পর জামেনা খাতুন গত এক মাস ধরে দর্শনা পারকৃষ্ণপুরে বাবার বাড়িতে অবস্থান করছেন। গত মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় তাঁর এক মাস বয়সী শিশু সন্তান রাব্বি হাসান অসুস্থ হয়ে পড়লে তাকে পারকৃষ্ণপুর বাজারের আলিফ ফার্মেসিতে নেওয়া হয়। অভিযোগ, সেখানে ফার্মেসির মালিক আবুল কালাম আজাদ শিশুটিকে ভুল চিকিৎসা দেওয়ার পাশাপাশি দুটি মেয়াদোত্তীর্ণ সিরাপ দেন।ওষুধ সেবনের পর শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চুয়াডাঙ্গার একজন শিশু বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে রাতভর চিকিৎসার পর বর্তমানে শিশুটি অনেকটাই আশঙ্কামুক্ত বলে পরিবার সূত্রে জানা গেছে।ঘটনাটি জানার পর সাংবাদিক আসাদুজ্জামান দামুড়হুদা উপজেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (৪ নভেম্বর) বিকেলে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আলিফ ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে ফার্মেসি থেকে দুই বস্তা মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং প্রচুর পরিমাণে নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ফার্মেসির মালিক আবুল কালাম আজাদ প্রতিষ্ঠানের হালনাগাদ লাইসেন্স ও চিকিৎসাসেবা দেওয়ার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।অনুমোদনহীন চিকিৎসাসেবা প্রদান ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাকে ৯ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেন।দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সচেতন নাগরিক ও গণমাধ্যমকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।