
এশিয়ার ৩৭ দেশের ৯৬টি রাজনৈতিক দলের অংশগ্রহণ, ৬ নভেম্বর শেষ হবে তিন দিনব্যাপী সম্মেলন
এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।
বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রতিনিধি দলের সদস্যরা। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান আইসিএপিপির প্রতিনিধি এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সম্মেলনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সিউলের হোটেল শিলায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের সম্মানে স্বাগত নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী ৫ নভেম্বর সকাল ৯টায় হোটেল শিলা সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সম্মেলনের প্রথম দিনে দুটি প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ৬ নভেম্বর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে তাঁরা মতবিনিময় করবেন। পাশাপাশি সম্মেলন থেকে একটি অভিন্ন ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
৬ নভেম্বর বিকেলে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
এদিকে, বাংলাদেশ থেকে বিএনপি ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।