
পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক র্যালি, নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
খুলনার পাইকগাছা পৌরসভাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বিশেষ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে দাতা সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের সহযোগিতায় পৌরসভা কর্তৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে।
ক্যাম্পেইন উপলক্ষে টাউন মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি নবপল্লীসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পাইকগাছা সরকারি কলেজের পশ্চিম পাশ এবং শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ময়লা-আবর্জনা না ফেলে পৌরসভার নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার জন্য এলাকাবাসীকে সচেতন করা হয়।
কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
সভায় বক্তব্য দেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা জামায়াতের আমির ডা. জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ওয়াটারএইড বাংলাদেশের প্রতিনিধি সুমন সাহা ও নিপু খানম, প্রধান শিক্ষক দেবাশীষ সরদার, সেলিনা পারভীন, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, তুষার কান্তি মণ্ডল, সেলিম রেজা লাকি, ইলিয়াস হোসেন, এম আব্দুস সামাদ, মুহাম্মদ শফিয়ার রহমান, আলহাজ মুরশাফুল আলম, মাওলানা আব্দুল কাদীর, গাজী আব্দুস সামাদ, শফিকুল ইসলাম, নবলোক পরিষদের ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে শুধু পৌর কর্তৃপক্ষের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন প্রতিটি নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ে। তাই নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও নাগরিক সচেতনতার মাধ্যমে পাইকগাছা পৌরসভাকে পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব।