
যুক্তরাষ্ট্রের ২৩৫ বছরের রাজনৈতিক ইতিহাসে নতুন এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হতে যাচ্ছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে মার্কিন সিনেটে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী। ইলিনয়ের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন সিনেট নির্বাচনে জয়ী হওয়ায় এ ইতিহাসের সূচনা হচ্ছে।
আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি বর্তমান সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকসের সঙ্গে যোগ দেবেন। এর মধ্য দিয়ে মার্কিন সিনেটে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে।
অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডন ট্রেসিকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী জুলিয়ানা স্ট্র্যাটন। এর আগে ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালে সিনেটের দায়িত্ব গ্রহণ করেন লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকস।
জুলিয়ানা স্ট্র্যাটন হবেন যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালনকারী ষষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী এবং ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী সিনেটর।
এর আগে ১৯৯২ সালে ইলিনয় থেকে ক্যারল মোসলি ব্রাউন প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে নির্বাচিত হন কমলা হ্যারিস। পরে ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার তৎকালীন গভর্নর গ্যাভিন নিউসম ল্যাফনজা বাটলারকে সিনেটর হিসেবে নিয়োগ দেন।
জুলিয়ানা স্ট্র্যাটনের নির্বাচনের মধ্য দিয়ে শুধু মার্কিন সিনেটে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্বই বাড়ছে না, বরং ইলিনয় অঙ্গরাজ্য থেকেও একই সময়ে দুই নারী সিনেটরের দায়িত্ব পালনের নতুন দৃষ্টান্ত তৈরি হচ্ছে।