
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে দপ্তর সম্পাদক পদে প্রার্থী এম সনজু আহমেদ টিয়া পাখি প্রতীকে ভোট ও সমর্থন চেয়ে গণসংযোগ করছেন। দাপ্তরিক কাজে শৃঙ্খলা, নথিপত্র সংরক্ষণে স্বচ্ছতা এবং ব্যবসায়ীদের সঙ্গে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আলমডাঙ্গা পৌর এলাকার চারতলার মোড়, সোনাপট্টি, গার্মেন্টস পট্টি, কাপড় পট্টি, জুতা পট্টি ও হাইরোডসহ বিভিন্ন ব্যবসায়িক এলাকায় গণসংযোগ করেন তিনি। এ ছাড়া উপজেলার কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা, পারকুলা ও পাইকপাড়া এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুতাইলি ও নতুন সুতোয় এলাকায় ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন সনজু আহমেদ।গণসংযোগকালে তিনি ব্যবসায়ীদের খোঁজখবর নেন, তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং সমিতির দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করার বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।সনজু আহমেদ বলেন, বণিক সমিতি শুধু একটি সাংগঠনিক প্রতিষ্ঠান নয়, এটি ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকারসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দাপ্তরিক কাজে শৃঙ্খলা, প্রয়োজনীয় কাগজপত্রের যথাযথ সংরক্ষণ এবং সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা জরুরি।তিনি বলেন, নির্বাচিত হলে সমিতির দাপ্তরিক কার্যক্রম সুশৃঙ্খল ও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সদস্যদের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ, দাপ্তরিক কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় জোরদার করাকে অগ্রাধিকার দেবেন। এ জন্য তিনি ভোটারদের দোয়া, সমর্থন ও টিয়া পাখি প্রতীকে মূল্যবান ভোট কামনা করেন।সনজু আহমেদ আলমডাঙ্গা বণিক সমিতির সদস্য, সনজু ফার্নিচারের স্বত্বাধিকারী এবং আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা, সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।এদিকে নির্বাচন সামনে রেখে আলমডাঙ্গার বিভিন্ন বাজার ও ব্যবসায়িক এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, মতবিনিময় এবং নিজ নিজ পরিকল্পনা তুলে ধরে সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা বাড়ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা বণিক সমিতি সম্ভাব্য ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সমিতির সদস্যসংখ্যা ১ হাজার ২০৯ জন বলে জানা গেছে। জেলার অন্যতম বৃহৎ ব্যবসায়ী সংগঠন হিসেবে পরিচিত এ সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছে আলমডাঙ্গার ব্যবসায়িক অঙ্গন।