
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজারামপুর, হাজিপাড়া, মাদ্রাসা এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।অভিযানে ৮ নম্বর টিমের সদস্যরা মশক নিধন, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় রাজারামপুর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি ডেঙ্গু বিস্তার রোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মচারী অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পাশাপাশি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবার প্রতি আহ্বান জানান তাঁরা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।