
খুলনার পাইকগাছায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ফোনে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকা থেকে কথিত ‘ডন বাবু’ ওরফে ‘গ্রেনেড বাবু’ এবং ‘নবাব’ নামে পরিচিত মোল্লা ইয়ামিন, তাঁর মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর এবং দ্বিতীয় দফায় ২৫ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীকে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁরা পৃথক দুটি মামলা করেন। মামলাগুলো পাইকগাছা থানায় ২৭ ও ২৮ নম্বরে নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে। মামলা দুটির নথিভুক্তির তারিখ হিসেবে ২৭ অক্টোবর উল্লেখ করা হয়েছে।মামলা দায়েরের পর খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের তত্ত্বাবধানে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে আলোচিত ফোনে চাঁদা দাবি ও হুমকির ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোল্লা ইয়ামিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।এদিকে, গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে সর্বহারা পার্টির পরিচয়ে আসলাম শিকদার নামের এক ব্যক্তি চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির এসব ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।