
দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে দ্রুত জেলা যুবদলের কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আয়োজিত র্যালি ও পথসভায় তিনি এ দাবি জানান।
বিকেলে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় বক্তব্যে মো. সুজন মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা যুবদলের কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কমিটি না থাকলেও যুবদলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন এবং সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা ও প্রচার চলছে। এ অবস্থায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে দ্রুত জেলা যুবদলের কমিটি গঠনের দাবি জানিয়ে সুজন মোল্লা বলেন, সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে তাঁদের দাবি, দ্রুত বাগেরহাট জেলা যুবদলের কমিটি গঠন করা হোক। কমিটি থাকলে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। দায়িত্ব নিয়ে সংগঠনের জন্য আরও কার্যকরভাবে কাজ করতে চান বলেও জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম ও নতুন কমিটি গঠনের দাবি আবারও আলোচনায় এসেছে।