
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোনায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। পূজামণ্ডপে সতর্ক নজরদারি, টহল জোরদার, সন্দেহজনক ব্যক্তি ও কার্যকলাপ শনাক্তকরণ এবং ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোনা পুলিশ লাইন্সে দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে আয়োজিত এক ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন পুলিশ সুপার।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, চেকপোস্ট ও টহল কার্যক্রম সক্রিয় রাখা এবং সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপের বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে বিনয়ী ও সৌজন্যমূলক আচরণ, জনসমাগম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখারও নির্দেশনা দেওয়া হয়।
দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহারসহ যেকোনো ধরনের অমনোযোগিতা পরিহার করে জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ সদস্যদের সতর্ক করেন পুলিশ সুপার।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতা জনগণের আস্থা অর্জনের অন্যতম ভিত্তি। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন সম্ভব। তাই প্রত্যেক সদস্যকে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।
ব্রিফিং প্যারেডে নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা।
ব্রিফিং শেষে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উৎসাহিত করেন এবং দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।