
সাতক্ষীরার তালা উপজেলার দেওয়ানীপাড়া এলাকার চিহ্নিত মাদকসেবক ও মাদক ব্যবসায়ী দিদার মোড়লসহ তিনজনকে হিরোইন সেবনকালে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে পাটকেলঘাটা ব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়। তালা উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের এলাই বক্স মোড়লের ছেলে দিদার মোড়ল । তিনি তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত। অন্যরা হলেন পাটকেলঘাটা এলাকার রেজ্জত খাঁর ছেলে রইস খাঁ এবং একই এলাকার আবুল কালামের ছেলে রাজু শেখ।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হিরোইন সেবনরত অবস্থায় তাদের আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে দুই মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।