
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে বকুল হোসেন (৪০) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত বকুল হোসেন শাহজাদপুর পৌর শহরের বাঁড়াবিল সরদার পাড়া এলাকার বাসিন্দা এবং মোঃ মকবুল হোসেনের ছেলে।বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মাদক সেবনের সময় বকুল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত বকুল হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদক বিক্রিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
উল্লেখ্য, ওসি মোঃ সাইফুল ইসলাম শাহজাদপুর থানায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানের ফলে মাদকসেবী ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।