
চুয়াডাঙ্গায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু মহাজোটের জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন। সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মাধ্যমে নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হন পুলিশ সুপার এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।এ সময় পুলিশ সুপার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জেলা পুলিশের অন্যতম অগ্রাধিকার। যেকোনো পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ দায়িত্ব পালন করবে।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু মহাজোটের চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ সভায় অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা তৎপর রয়েছে।