পাকিস্তান জাতীয় টেস্ট দলের সাবেক প্রধান কোচ এবং অস্ট্রেলীয় কিংবদন্তি পেসার জেসন গিলেস্পি অবশেষে মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে তার অম্ল-মধুর সম্পর্ক নিয়ে। বর্তমানে পিএসএল ফ্র্যাঞ্চাইজি ‘হায়দরাবাদ কিংসম্যান’-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা গিলেস্পি এক সংবাদ সম্মেলনে গুমোট পরিস্থিতির আভাস দিলেও পডকাস্টে প্রকাশ করেছেন তার ভেতরের চরম হতাশা।হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে গিলেস্পি কূটনৈতিক ভাষায় বলেন, “পিসিবির সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি আমার দায়িত্ব শেষ করেছি এবং আমরা সবাই এখন সামনের দিকে এগিয়ে গেছি। এখানে কোনো সমস্যা বা নাটক নেই।”তবে এই বক্তব্যের ঠিক বিপরীত চিত্র ফুটে উঠেছে জনপ্রিয় ‘উইসডেন ক্রিকেট উইকলি’ পডকাস্টে দেওয়া তার সাক্ষাৎকারে। সেখানে তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন যে, পাকিস্তানে কোচিং করানোর অভিজ্ঞতা তার ক্যারিয়ারে এক বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। গিলেস্পি আক্ষেপ করে বলেন, “এই অভিজ্ঞতা আমার কোচিংয়ের প্রতি আগ্রহকেই কমিয়ে দিয়েছে।”পিসিবির অভ্যন্তরীণ রাজনীতি এবং অব্যবস্থাপনার কারণে গিলেস্পি এতটাই বিরক্ত যে, ভবিষ্যতে আর কখনো পূর্ণকালীন কোচিংয়ে ফিরবেন কি না, তা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। এমনকি ক্রিকেট অস্ট্রেলিয়ার (CA) পক্ষ থেকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার প্রস্তাব আসলেও বর্তমানে তিনি তাতে কোনো আগ্রহ দেখাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।২০২৪ সালের এপ্রিলে টেস্ট দলের দায়িত্ব নেওয়া গিলেস্পির মেয়াদ শেষ হয় মাত্র আট মাসেই, ডিসেম্বরে। দায়িত্ব পালনকালে দলীয় ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন তিনি। বিশেষ করে সাবেক টিম ম্যানেজার আকিব জাভেদের সঙ্গে তার কর্মপদ্ধতি ও সম্পর্ক নিয়ে যে টানাপোড়েন ছিল, তা গিলেস্পির সাম্প্রতিক মন্তব্যে আরও স্পষ্ট হয়ে উঠেছে।বিশ্বজয়ী এই পেসারের বিদায় এবং পাকিস্তান ক্রিকেটের এই অস্থিরতা আবারও প্রমাণ করল যে, বিদেশি কোচদের জন্য পাকিস্তানের ড্রেসিংরুম ও বোর্ডরুম এখনো এক কঠিন চ্যালেঞ্জের নাম।










