
জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গা জেলায় আগামী ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছে জেলা প্রশাসন। এদিন থেকে জেলার সকল পেট্রোল পাম্পে যানবাহনে তেল নিতে হলে সংশ্লিষ্ট গাড়ির জন্য নির্ধারিত ফুয়েল কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কার্ড ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে। এ জন্য গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে বলা হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম, অতিরিক্ত মজুদ এবং কালোবাজারির অভিযোগের প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফুয়েল কার্ড চালুর মাধ্যমে নির্দিষ্ট যানবাহনের জন্য নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।এছাড়া এই ব্যবস্থার মাধ্যমে কোন যানবাহন কতটুকু জ্বালানি গ্রহণ করছে তার একটি সুনির্দিষ্ট তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে জ্বালানি ব্যবস্থাপনা ও তদারকিতে সহায়ক ভূমিকা রাখবে। এতে করে জ্বালানির অপচয় রোধ এবং সুষম বণ্টন নিশ্চিত করা যাবে বলেও মনে করছে প্রশাসন।জেলা প্রশাসন আরও জানিয়েছে, নতুন এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর নজরদারি থাকবে। কোনো পেট্রোল পাম্প ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর খবরে স্থানীয় পরিবহন চালক ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ প্রাথমিক পর্যায়ে কিছু ভোগান্তির আশঙ্কা প্রকাশ করেছেন।সংশ্লিষ্টরা মনে করছেন, যথাযথ বাস্তবায়ন ও তদারকি নিশ্চিত করা গেলে ফুয়েল কার্ড ব্যবস্থা জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।