
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৫ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আলমডাঙ্গা থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বেলগাছি গ্রামের কাশিপুর কেদারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠসংলগ্ন বটগাছের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো— কেদারনগর মন্ডলপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৫) এবং কেদারনগর বিলপাড়া গ্রামের মৃত মোশারফ আলীর ছেলে মোঃ সুজন (৩০)।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৯৩০ টাকা এবং মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি কালো রঙের বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।