টাঙ্গাইলের কালিহাতীতে মহাষ্টমী উপলক্ষে ঝিনাই নদীর তীরে ২৬ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র পুণ্যস্নান। ভোরের নরম আলো আর কুয়াশার চাদর ভেদ করে সূর্য ওঠার আগেই নদীর ঘাটে নেমে আসে ভক্তদের ঢল ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষ ভক্তরা গভীর বিশ্বাস ও আধ্যাত্মিক অনুভূতিতে ঝিনাই নদীর জলে অবগাহন করেনঅনেকেই পরিবার-পরিজনসহ অংশ নিয়ে এই আয়োজনকে এক অনন্য মিলনমেলায় পরিণত করেন, যেখানে ভক্তি আর আনন্দ মিলেমিশে সৃষ্টি করে এক অপূর্ব পরিবেশ।স্নান শেষে ভক্তরা ছুটে যান কালিহাতীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জয়কারী মন্দিরে। সেখানে দিনব্যাপী পূজার্চনা, ভোগ নিবেদন এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে চলে ধর্মীয় আনুষ্ঠানিকতা। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচঞ্চল ও উৎসবমুখর।এই ধর্মীয় উৎসবকে ঘিরে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বর্ণিল মেলা। মেলায় শিশুদের জন্য রঙিন খেলনা, নানা ধরনের মিষ্টান্ন ও দেশীয় খাবারের দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতা-দর্শনার্থীদের ভিড় আর বিক্রেতাদের প্রাণবন্ত হাঁকডাকে মেলা প্রাঙ্গণ জমে ওঠে প্রাণের উচ্ছ্বাসে।স্থানীয়দের মতে, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমীর পুণ্যস্নান। ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এ আয়োজন হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক উজ্জ্বল নিদর্শন।










