এক মণ্ডপে দুই এমপি: মান্দায় বাসন্তী পূজায় সম্প্রীতির অনন্য নজির!

নওগাঁর মান্দা উপজেলার মৈনম অযোধ্যাপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের রঙে মুখর হয়ে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন বাসন্তী পূজা।বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টায় মহাসপ্তমীর পবিত্র তিথিতে এই আয়োজনে যোগ হয়েছে এক ভিন্ন মাত্রা। পূজা মণ্ডপজুড়ে একদিকে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়, অন্যদিকে দুই আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক সম্প্রীতির মিলনমেলায়।দিনটির বিশেষ আকর্ষণ ছিল দুই আসনের সংসদ সদস্যের একসঙ্গে পূজা মণ্ডপ পরিদর্শন। রাতে মণ্ডপে উপস্থিত হন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু এবং নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে খোদা বাবু। তাঁদের আগমনে পুরো মৈনম এলাকা যেন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। ভক্তদের মাঝে সৃষ্টি হয় আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির এক অপূর্ব মিলনমেলা।মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইকরামুল বারী টিপু এমপি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়, অপকর্ম এবং কলুষতা দূর করি। মনের ভেতরের অসুরকে বিনাশ করে আমরা যেন এক উন্নত ও সুন্দর সমাজ গড়তে পারি। ব্যক্তিগত ও সামাজিক জীবন থেকে সকল অশুভ শক্তিকে তাড়িয়ে আমাদের প্রিয় দেশটাকে সবার উপরে স্থান দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ দেশ গঠন করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।বিশেষ অতিথির বক্তব্যে ফজলে খোদা বাবু এমপি বলেন, বাংলাদেশ অনেক ছোট দেশ, আর নওগাঁ-৩ ও ৪ আসন তো একদম লাগোয়া। বর্ডার অঞ্চলের মানুষ হিসেবে দুই এলাকার সবাই আমাদের খুব আপন। টিপু ভাই আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব; দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসক হিসেবে মানুষের সেবা করছেন। আমাদের বড় ভাই এবং প্রিয় রাজনৈতিক নেতার আহ্বানেই আজ এখানে আসা। উৎসবের আমেজ তা ঈদ, পূজা বা পহেলা বৈশাখ যাই হোক আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের সবাইকে এক সুতোয় বাঁধে।পূজা মণ্ডপ উদযাপন কমিটির সভাপতি অজিত চন্দ্র তাঁর বক্তব্যে বলেন, আমাদের ছোট্ট মৈনম এলাকায় দুইজন মাননীয় সংসদ সদস্য একসাথে এসে আমাদের ৩৩ তম পূজায় অংশ নিয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। তাঁদের উপস্থিতি আমাদের আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করেছে। ভবিষ্যতেও আমরা এই সম্প্রীতির ধারা বজায় রাখতে চাই।মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উচ্ছ্বাস। অনেকেই বলেন, জনপ্রতিনিধিদের সরাসরি উপস্থিতি তাঁদের মাঝে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে এবং সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করেছে।অনুষ্ঠান শেষে সংসদ সদস্যরা মণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।এ সময় উপস্থিত ছিলেন মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আনিছুর রহমান, মৈনিম অযোধ্যা পাড়া বসন্তী পূজার কমিটি সহসভাপতি, উজ্জ্বল কুমার, সাধারণ সম্পাদক, পরিতোষ মন্ডল প্রমুখ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক ভক্ত-দর্শনার্থীর উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031