টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে গোরস্থানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে নাইম সওদাগর (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পরিবারের অন্তত সাতজন আহত হয়েছেন।বুধবার (২৫ মার্চ) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত নাইম সওদাগর ওই গ্রামের ওসমান সওদাগরের ছেলে এবং হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।স্থানীয় সূত্রে জানা যায়, রামদেবপুর দক্ষিণপাড়া গোরস্থানের জমি নিয়ে সওদাগর ও সিকদার পরিবারের মধ্যে প্রায় আড়াই মাস ধরে বিরোধ চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া, মারামারি ও হামলার ঘটনা ঘটে। স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে কয়েক দফা সমাধানের চেষ্টা হলেও বিরোধ মীমাংসা হয়নি। একই বিরোধের জেরে ঈদুল ফিতরের নামাজও দুই পক্ষ আলাদাভাবে আদায় করে।মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে আবারও সংঘর্ষ বাধে। একপর্যায়ে নাইম সওদাগর দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে সিকদার পরিবারের পক্ষের হামিদ মন্ডলের বাড়িতে হামলা চালায়। এ সময় সিকদার পরিবারের লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।সংঘর্ষে সওদাগর পরিবারের মাজাহারুল ইসলাম (১৮), সাকিল সওদাগর (২৩), বক্কর সওদাগর (২০) এবং সিকদার পরিবারের হবিবর রহমান সিকদার (৪৫), তার বাবা আব্দুল আজিজ সিকদার (৭৬), মামুন সিকদার (৩৫) ও হাফিজুর সিকদার (৩১) আহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হবিবর রহমান সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, গোরস্থানের জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।










