কোহলিকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড: আইসিসি মাসসেরা ক্রিকেটার পাকিস্তানের ফারহান

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে প্রলয়ঙ্কারী রূপ দেখিয়ে আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বা মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ফেব্রুয়ারি ২০২৬ মাসের পারফরম্যান্স বিবেচনা করে আজ সোমবার (২৩ মার্চ) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তার নাম ঘোষণা করে।পুরো বিশ্বকাপ জুড়ে ব্যাটারদের রাজত্ব কায়েম করে এই ডানহাতি ওপেনার এই অনন্য স্বীকৃতি অর্জন করলেন।চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ফারহানের ব্যাট ছিল আগ্নেয়গিরির মতো। মাত্র ৭ ম্যাচে (৬ ইনিংস) তিনি সংগ্রহ করেছেন ৩৮৩ রান। তার গড় ছিল অবিশ্বাস্য ৭৬.৬০ এবং স্ট্রাইক রেট ছিল ১৬০.২৫। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে তিনি হাঁকিয়েছেন দুটি বিধ্বংসী সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরি।এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড, যা এতদিন ভারতের ব্যাটিং কিংবদন্তি বিরাট কোহলির দখলে ছিল।নামিবিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়ে ফারহান ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটার এখন তিনি। এছাড়া ফখর জামানের সঙ্গে তার ১৭৬ রানের পার্টনারশিপটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড গড়েছে।ক্যারিয়ারের প্রথম আইসিসি মাসসেরার পুরস্কার জয়ের পর উচ্ছ্বসিত ফারহান বলেন:”আইসিসির এই স্বীকৃতি পাওয়া দারুণ অনুভূতি, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফরম্যান্সের জন্য এটি আরও বিশেষ। বিশ্বের নানা প্রান্তের দর্শক যখন খেলা দেখছে, তখন এই অর্জনের গুরুত্ব অনেক বেড়ে যায়।”ফারহানের এই অর্জনের মাধ্যমে দীর্ঘ বিরতির পর কোনো পাকিস্তানি ক্রিকেটার মাসসেরার মুকুট পরলেন। এর আগে ২০২৪ সালের নভেম্বরে পেসার হারিস রউফ সর্বশেষ এই সম্মান অর্জন করেছিলেন। ফারহানের এই দুর্দান্ত ফর্ম পাকিস্তানের ক্রিকেট ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031