:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কাটাভাঙ্গা ও উদয়পুর গ্রামে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে অসংখ্য বসতবাড়ি। ভয়াবহ এই দুর্যোগে দুইটি গ্রামের অন্তত ৬৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন একজন। এমন মানবিক বিপর্যয়ের মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ।শুক্রবার (২০ মার্চ) দুপুরে তিনি দুর্গত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় তিনি প্রতিটি পরিবারের দুর্দশার চিত্র নিজ চোখে দেখেন এবং তাদের খোঁজখবর নেন। অনেক পরিবারই মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বলে জানা যায়।স্থানীয়রা জানান, হঠাৎ করেই বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মুহূর্তের মধ্যেই ঘরবাড়ি ভেঙে পড়ে। অনেকের ঘরের চাল উড়ে গেছে, কেউবা পুরো ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। শিশু ও বৃদ্ধদের নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে অসহায় পরিবারগুলোর।এ সময় শরীফুজ্জামান শরীফ গভীর শোক প্রকাশ করে নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”তিনি আরও আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দলীয়ভাবে সহযোগিতা অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।দুর্গত এলাকা ঘুরে দেখা গেছে, ঝড়ের তাণ্ডবে অনেক গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত হয়েছে। এখনো অনেক পরিবার ধ্বংসস্তূপ সরিয়ে ঘর পুনর্নির্মাণের চেষ্টা করছেন।মানবিক এই বিপর্যয়ে স্থানীয়দের একটাই দাবি—দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা, যাতে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।










