ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে একটি চায়ের দোকানে বসে চা খাওয়া নিয়ে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিমের সাথে ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।চায়ের দোকানের সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে নামে। অন্ধকার রাত হওয়ায় দুই পক্ষই হাতে টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।খবর পেয়ে রাতেই ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান:আধিপত্য বিস্তার ও তুচ্ছ কথা কাটাকাটি থেকে এই সংঘর্ষের সূত্রপাত। খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”










