প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে ঈদুল ফিতর উদযাপিত

সারাদেশে যখন ঈদের প্রস্তুতি চলছে, তখন সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের প্রায় দুই হাজার পরিবারের মানুষ আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। উৎসবমুখর পরিবেশে জেলার অন্তত ৫০টি স্থানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু তাহের।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এই ঈদ উদযাপিত হচ্ছে। দিনাজপুর শহর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
- দিনাজপুর শহর: নিউটাউন, ফুলতলা ও ইসলামবাগ এলাকা।
- উপজেলা পর্যায়: বোচাগঞ্জ উপজেলার ছাতইর; বিরল উপজেলার ভাড়াডাঙ্গি ও বালাদার গ্রাম; কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম ও তের মাইল এলাকা।
- বিরামপুর ও চিরিরবন্দর: বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ ও জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদ এবং চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম এলাকা।
- ঈদের জামাত শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, তারা দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে একই দিনে রোজা রাখা এবং ঈদ পালন করে আসছেন। তাদের মতে, ইসলামের বিধান অনুযায়ী একই দিনে বিশ্বজুড়ে উৎসব পালন করা উচিত।অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি জামাত স্থলেই স্থানীয় প্রশাসনের নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণভাবে নামাজ শেষ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আয়োজকরা। নামাজ শেষে প্রতিটি বাড়িতে সেমাই, ফিরনিসহ নানা পদের খাবার তৈরি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হচ্ছে।
চেয়ারম্যান: ফরিদ আলী ব্যাবস্থাপনা পরিচালক: এম. সনজু আহমেদ,সম্পাদক: নাজমুল হক শাওন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:এরশাদপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, বাংলাদেশ,ফোন: ০১৭২১-৮৪৭৯০৬,ইমেইল: sftvnewsbd@gmail.com