
চুয়াডাঙ্গার সদর উপজেলা শাখা বিএনপির আওতাধীন ৪ নম্বর শংকরচন্দ্র ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতিকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শৃঙ্খলা ভঙ্গ এবং চাঁদাবাজির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সদর উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদকের জ্ঞাতসারে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইফুল ইসলামকে তার পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার সংক্রান্ত এক লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার দায়ে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় আদর্শ ও নিয়মনীতি পরিপন্থী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ১৯ মার্চ ২০২৬ তারিখে জারি করা এ বহিষ্কার আদেশে স্বাক্ষর করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী মনিরুজ্জামান লিটন এবং সভাপতি মোঃ নজরুল ইসলাম (নজু)।