চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার পর্যায়ক্রমে উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিতি, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক ও মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি দমন, ফুটপাত দখলমুক্তকরণ এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন।পুলিশ সুপার আরও বলেন, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। একইসাথে সাইবার বুলিং ও কিশোর গ্যাংয়ের উৎপাতমুক্ত একটি নিরাপদ চুয়াডাঙ্গা গড়ে তুলতে প্রশাসন ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একযোগে কাজ করলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে বলেও তিনি মত প্রকাশ করেন।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।










