
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সাথে আজ ১৮ মার্চ ২০২৬ তারিখ দুপুর ০২:০০ ঘটিকায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার সকল থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন ও অপারেশন) এবং সকল ক্যাম্প ইনচার্জদের অংশগ্রহণে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে উপস্থিত সকল অফিসারদের সাথে পরিচিত হন, কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান। দায়িত্বগ্রহণের পর জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও জনমুখী করার লক্ষ্যে তিনি সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে খোলামেলা মতবিনিময় করেন।সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক ও মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার মহোদয় বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে হলে আমাদেরকে পেশাদারিত্ব, সততা ও মানবিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে এবং প্রতিটি পুলিশ সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”তিনি আরও বলেন, “সকল অফিসারকে দলগতভাবে কাজ করতে হবে এবং মাঠপর্যায়ে কার্যকর তদারকি জোরদার করতে হবে, যাতে সাধারণ মানুষ দ্রুত ও কাঙ্ক্ষিত পুলিশি সেবা পায়।”সভায় উপস্থিত সকল কর্মকর্তা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); চুয়াডাঙ্গাসহ সকল থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন ও অপারেশন) এবং ক্যাম্প ইনচার্জগণ।