
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সঙ্গে জেলার সকল ইউনিট ইনচার্জদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর ২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার উপস্থিত সকল কর্মকর্তার সঙ্গে পর্যায়ক্রমে পরিচিতি, কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে তিনি ইউনিট ইনচার্জদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন।এ সময় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক ও মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। সেবাপ্রার্থীদের সঙ্গে আন্তরিক, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। যে কোনো অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান।সভায় তিনি সকল ইউনিট ইনচার্জকে নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক তৎপর থেকে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন।এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।