এম সনজু আহমেদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর থানা এলাকায় পিতার হাতেই অপহরণ ও মুক্তিপণ দাবির এক ঘটনায় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে শিশু সিয়াম (৮) কে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ও তার এক সহযোগীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মার্চ ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটির পিতা তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে সিয়ামকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে রেখে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি পূরণ না করলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) টিমকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার দিকনির্দেশনায় পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে একই দিন রাত সাড়ে ৯টার দিকে জীবননগরের পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটির পিতা মো. আজিজুল (২৮), গ্রামের বাড়ি সাতক্ষীরার কালোরোয়া উপজেলার মুরারীকাটি এবং তার সহযোগী মো. আক্তার (২৬), জীবননগর উপজেলার দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় ভিকটিম সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ভিকটিমের জীবন রক্ষার্থে বিকাশের মাধ্যমে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশুটির মা ভারতে অবস্থান করছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে শিশুটিকে অপহরণ করে জিম্মি করে তার গলায় ধারালো অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছে টাকা আদায়ের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানায়, এ ধরনের অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।










