
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রুহুল কবীর খান। সোমবার (১৬ মার্চ ২০২৬) অপরাহ্নে তিনি জেলার ৩১তম পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
নবাগত পুলিশ সুপার চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যোগদানের পর তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মোহাম্মদ রুহুল কবীর খান নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি “প্রাচ্যের অক্সফোর্ড” খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব পুলিশ সাইন্স (এমপিএস) সম্পন্ন করেন।
২০০৮ সালে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে পেশাগত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব সম্পাদন করে আসছেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। বিদায়ী পুলিশ সুপারকে বিশেষ পুলিশ সুপার হিসেবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় পদায়ন করা হয়েছে। এ সময় বিদায়ী পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
যোগদান উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সিসিআইসি, আরআই, টিআই এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। চুয়াডাঙ্গা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার।