চুয়াডাঙ্গায় উগ্রবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুর ২টায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবে আইনজীবীদের নিয়ে এই মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাইফ। আলোচনায় তিনি দেশের প্রচলিত বিচারব্যবস্থার সমালোচনা করে বলেন, ব্রিটিশদের রেখে যাওয়া বিচারব্যবস্থা দেশের সাধারণ মানুষকে ন্যায়বিচার দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ন্যায়বিচারের আশায় আদালত, আইনজীবী ও পুলিশের দ্বারে দ্বারে ঘুরে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় এই ব্যর্থ ও ঔপনিবেশিক ব্যবস্থা পরিত্যাগ করে আল্লাহর দেওয়া নির্ভুল বিচারব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। তিনি বলেন, যে বিষয়ে মহান আল্লাহর বিধান রয়েছে, সেখানে মানুষের তৈরি কোনো বিধান অনুসরণ করা ঈমানের সাথে সাংঘর্ষিক। অথচ দেশের প্রচলিত বিচারব্যবস্থা ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের প্রণীত আইনের ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। সাইফুর রহমান সাইফ আরও বলেন, বর্তমান বিচারব্যবস্থার কাঠামোগত দুর্বলতার কারণে দেশের আদালতগুলোতে বিপুলসংখ্যক মামলা ঝুলে আছে। একটি মামলার রায় পেতে ভুক্তভোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং অর্থ ও সময় ব্যয় করেও অনেক ক্ষেত্রে মানুষ সঠিক বিচার থেকে বঞ্চিত হয়। তিনি মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান কার্যকর করার আহ্বান জানান। তার মতে, সমাজে চলমান অন্যায়, অবিচার ও অশান্তি দূর করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। হেযবুত তওহীদ সেই লক্ষ্যেই জাতির সামনে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরছে। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় আমির মো. তানভীর আহমেদ, কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির অ্যাডভোকেট বদর উদ্দিন, রেজাউল হক, শাকিল খান, ইউনুস আলী, আকবর আলী ও ওহিদুজ্জামান মুকুলসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত আইনজীবী ও সাংবাদিকরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং বিষয়টি নিয়ে আলোচনা করেন।
ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।










